ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিকে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এদিকে নিহত শিশুর পরিবার ও স্থানীয় লোকজন আজ রোববার আসামির ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ইতিপূর্বেও যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তার পাশে আইনজীবীরা দাঁড়ায়নি।
ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ শেষে হত্যার মতো যে নৃশংস ঘটনা ঘটিয়েছে শিশুর স্বজন, তাঁর পক্ষে দাঁড়ানোর কোনো যৌক্তিকতা নেই। জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, আমাদের কোনো আইনজীবী গ্রেপ্তার আসামির পক্ষে দাঁড়িয়ে তাঁকে আইনি সহায়তা দেবে না। বরং এ ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত সম্পাদন করতে সব আইনজীবী কাজ করবেন।এর আগে আজ দুপুরে নিহত শিশুর মা–সহ পরিবার-পরিজন ও স্থানীয় গ্রামবাসী জেলা আইনজীবী সমিতিতে আসেন।
তাঁরা আসামির পক্ষে মামলা পরিচালনা না করার জন্য জেলা আইনজীবী সমিতির কাছে লিখিতভাবে অনুরোধ করেন।
সূত্র: প্রথম আলো