কিশোরসাহিত্যের জনপ্রিয় লেখক রকিব হাসানের কালজয়ী সৃষ্টি ‘তিন গোয়েন্দা’ ভলিউম ১-এর গল্প নিয়ে পাঠচক্রের আসর করে ড্যাফোডিল বন্ধুসভা। সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজে ঘেরা বনমায়া প্রাঙ্গণে এই আসর বসে।পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকার সঞ্চালনায় শুরুতে উপস্থিত বন্ধুদের পরিচয়পর্ব হয়।
এরপর রকিব হাসানের জীবন, বাংলা কিশোরসাহিত্যে তাঁর অবদান এবং রোমাঞ্চ ও গোয়েন্দাসাহিত্যের সঙ্গে বাংলাভাষী পাঠকদের পরিচিত করে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন সঞ্চালক।আলোচনায় ‘তিন গোয়েন্দা’ ভলিউম ১-এর পটভূমি ও তিন প্রধান চরিত্র কিশোর পাশা, রবিন মিলফোর্ড ও মুসা আমানের পরিচয় তুলে ধরা হয়।
ক্যালিফোর্নিয়ার রকি বিচ শহরে তাদের গোপন হেডকোয়ার্টার ‘স্পেস স্টেশন’, সাংকেতিক চিহ্ন (?) এবং নির্জন এলাকার ভয়াল দুর্গের ভৌতিক রহস্য, গোপন সুড়ঙ্গ ও খলনায়কের অপকর্ম উন্মোচনের নানা রোমাঞ্চকর ঘটনা নিয়ে আলোচনা করা হয়।
সূত্র: প্রথম আলো