আগে ছিলেন হাসান মাহমুদ, আর এখন খালেদ আহমেদ। কাউন্টি দল কেন্টের বোলিং আক্রমণের প্রধান মুখ। সেটা কেন, কাল আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের এই পেসার। ক্যান্টারবুরিতে কাউন্টির দ্বিতীয় বিভাগের ম্যাচে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন খালেদ। তাঁর ৩ উইকেট ও ম্যাট মিলনেসের ৪ উইকেটে গ্লুচেস্টারশায়ার গুটিয়ে গেছে ২২৯ রানে।শুধু যে কম রানেই গ্লুচেস্টারশায়ারকে কেন্ট গুটিয়ে দিয়েছে, ব্যাপারটা তা নয়।
দলটিকে তারা অলআউট করেছে ৬৯.৫ ওভারে। কাউন্টির নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে ১১০ ওভারের মধ্যে অলআউট করতে পারলে বোলিংয়ে মিলবে ৩ বোনাস পয়েন্ট। প্রমোশনের লড়াইয়ে থাকা কেন্টের জন্য এই ৩ পয়েন্টই শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে।কারণ, গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটিই কেন্টের মৌসুমের শেষ ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই প্রথম বিভাগে প্রমোশন নিশ্চিত করবে তারা।
প্রমোশনের দৌড়ে কেন্টের মূল প্রতিদ্বন্দ্বী নর্দাম্পটনশায়ার।বর্তমানে ১৯৫ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় কেন্ট।
সূত্র: প্রথম আলো