চলতি বছর ভারতের পাঁচ রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে বিজেপি তার তহবিল থেকে যত অর্থ ব্যয় করেছে, তার অর্ধেকই হয়েছে পশ্চিমবঙ্গে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে বিজেপি খরচ করেছে প্রায় ২৮৭ কোটি রুপি। ভারতের নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠানো হিসাবে বিজেপি এই বিপুল খরচের তথ্য জানিয়েছে। চলতি বছরের মাঝামাঝি পশ্চিমবঙ্গের পাশাপাশি নির্বাচন হয় আসাম, তামিলনাড়ু, কেরলম ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে।
এই পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপি তার দলীয় তহবিল থেকে খরচ করেছে মোট ৫২৯ কোটি ৩৮ লাখ রুপি। এর অর্ধেকের বেশি খরচ হয়েছে পশ্চিমবঙ্গে।বিজেপি জানিয়েছে, এই পরিমাণ অর্থ ব্যয়ের পরেও তাদের তহবিলে ৭ হাজার ৬৮৯ কোটি ৬ লাখ রুপি রয়েছে।ভারতের ছয়টি জাতীয় রাজনৈতিক দলের সম্মিলিত আয়ের চেয়েও এই অর্থ বেশি।
ইসিকে বিজেপি জানিয়েছে, এই পাঁচ রাজ্যে-কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনকালে তারা ১ হাজার ৪৯৪ কোটি রুপি চাঁদা পেয়েছে।কোন রাজ্যে কোন খাতে কত খরচ করা হয়েছে, সেই তথ্যও ইসির কাছে দাখিল করেছে বিজেপি।
সূত্র: প্রথম আলো