ঘা-টা এখনো শুকায়নি। পেনাল্টি-ঘা। দগদগে হয়ে আছে ব্রাজিল সমর্থকদের মনে। ৫ জুলাই, ২০২৬। বিশ্বকাপের শেষ ষোলো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। নরওয়ের বিপক্ষে ব্রুনো গিমারাইসের সেই পেনাল্টি মিসে কপালও পুড়েছিল ব্রাজিলের।আর্লিং হলান্ডদের কাছে ২-১ গোলের হারে ব্রাজিলের বিদায় নিশ্চয়ই মনে আছে? ম্যাচের ১৩ মিনিটে গিমারাইস পেনাল্টি মিস না করলে কে জানে ম্যাচের ফল অন্য রকমও হতে পারত!
ব্রাজিলের সমর্থকদের বিশ্বাসটা অন্তত এমনই।গত জুলাইয়ে বিশ্বকাপ শেষে এবারই প্রথম আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে ব্রাজিল। প্রীতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে। তাতে স্বাভাবিকভাবে পেনাল্টি শট নেওয়ার প্রসঙ্গ উঠছে। ভিনিসিয়ুস, রাফিনিয়া, এস্তেভাও, এনদ্রিকদের মতো তারকার সঙ্গে মারকিনিওসের মতো অভিজ্ঞ আছেন স্কোয়াডে।
কিন্তু শুধু অভিজ্ঞতা কিংবা তারকা ইমেজ দিয়ে পেনাল্টিতে গোল পাওয়া নিশ্চিত হয় না, সেটাও তাঁদের ভালোমতো জানা আছে।
সূত্র: প্রথম আলো