হোয়াটসঅ্যাপে অন্য প্রতিষ্ঠানের তৈরি এআই এজেন্ট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন এআই এজেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কাজ করার পাশাপাশি কাজের তালিকা, বার্তার খসড়া বা প্রতিদিনের কাজের পরিকল্পনা তৈরি করতে পারবেন।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অন্য প্রতিষ্ঠানের তৈরি এআই এজেন্ট ব্যবহার করা যাবে।
প্রতিটি এজেন্টের জন্য আলাদা নাম ও প্রোফাইল ছবি নির্ধারণের সুযোগও মিলবে। এ জন্য হোয়াটসঅ্যাপ একটি এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ‘কি’ দেবে। সেই কি ব্যবহার করে এজেন্টটিকে নির্মাতা প্রতিষ্ঠানের পরিচালিত সেবার সঙ্গে যুক্ত করা যাবে।এআই এজেন্টের সঙ্গে হওয়া কথোপকথন সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতায় থাকবে না। কারণ, এজেন্টগুলো পরিচালনা করবে অন্য প্রতিষ্ঠান।
হোয়াটসঅ্যাপ শুধু বার্তা প্রক্রিয়াকরণের কাজ করবে।
সূত্র: প্রথম আলো